আমার পিরোজপুর

মাজারের ঘাটে গোসলে নেমেছিল ৮ বছরের ফাতেমা; ঘাটগুলোতে লোহার বেষ্টনী দেওয়ার ঘোষণা সংসদ সদস্যের।

বাগেরহাটে খান জাহান আলীর দিঘিতে কুমিরের আক্রমণ, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর শিশু ফাতেমার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে ফায়ার সার্ভিস, পুলিশ ও ডুবুরি দলের যৌথ অভিযানে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এই ঘটনা ঘটে। নিরাপত্তা নিশ্চিত করতে মাজারের প্রধান ঘাটগুলোতে দ্রুত লোহার নিরাপত্তা বেষ্টনী নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

বাগেরহাটে খান জাহান আলীর দিঘিতে কুমিরের আক্রমণ, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার পর শিশু ফাতেমার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। তল্লাশির জন্য দিঘিতে চারটি নৌকা মোতায়েন করা হয়েছিল। রাতভর উদ্ধার অভিযান চালানো হলেও অন্ধকার থাকার কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। পরে আজ ভোর পৌনে ৫টার দিকে ডুবুরিরা দিঘির গভীর পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। বাগেরহাট সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের বলেন, নিহত শিশুর মা মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানা গেছে। সোমবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে তিনি মেয়েকে নিয়ে দিঘিতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ একটি কুমির শিশুটিকে আক্রমণ করে গভীর পানিতে টেনে নিয়ে যায়। শিশুটির বাবার পরিচয় ও স্থায়ী ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটির কারণে সেখানে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। মাজারের পাহারাদার থাকা সত্ত্বেও এমন দুর্ঘটনা ঘটবে—তা কেউ ভাবেননি। ঘটনার পরপরই স্থানীয় যুবকেরা নৌকা নিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু ততক্ষণে কুমিরটি তাকে গভীর পানিতে নিয়ে তলিয়ে যায়।

প্রধান ঘাটগুলোতে নামা সাময়িক নিষিদ্ধ, বসবে লোহার খাঁচা:

পুলিশ সুপার বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত মাজারের প্রধান দুটি ঘাটে সাময়িকভাবে গোসল করা বা পানিতে নামা নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে জেলা প্রশাসন।

এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, "ঘাটে কুমিরের প্রবেশ ঠেকাতে দ্রুত নিরাপত্তা বেষ্টনী (ব্যারিকেড) নির্মাণ করা হবে।" তিনি আরও জানান, পূর্ববর্তী এক আইনশৃঙ্খলা কমিটির সভায় ঘাটগুলোতে লোহার খাঁচার মতো বেষ্টনী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেই কাজ এবার দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।