পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবসে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি
পিরোজপুর স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিরোজপুর আগমন দিবস উপলক্ষে দোয়া, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর উপজেলার চলিশা এলাকায় জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৯৮১ সালের ২১ মে তৎকালীন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান পিরোজপুরের চলিশা এলাকায় খাল খনন কার্যক্রমে অংশ নিতে এসেছিলেন। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করেই জেলা পরিষদ এই বিশেষ আয়োজন করে।
৫নং টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল হাসান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা এলাকায় খাল খনন কার্যক্রমে অংশ নিতে পিরোজপুরে এসেছিলেন। তিনি নিজ হাতে এখানে কাজ করে গেছেন। তাঁর খনন করা সেই খাল আজও বহমান রয়েছে। আমরা তাঁর আদর্শকে সামনে রেখে জেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি।"
পরিবেশ রক্ষায় গাছের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ লাগানোর এই ইতিবাচক উদ্যোগ আমাদের পক্ষ থেকে ভবিষ্যতেও চলমান থাকবে।"
অনুষ্ঠান শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতের পর বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা চলিশা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

